“ঘরে আমরা একে অপরের কথা শুনে চলি। কিন্তু রাজনীতির মাঠে দুজন আলাদা পথে হাঁটছি।


ভোটের মাঠে মাসুদুর রহমান মাসুদ ও তার স্ত্রী সুফিয়া রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন মাসুদুর রহমান মাসুদ। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। কিন্তু তার স্ত্রী সুফিয়া রহমান নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। ভোটের মাঝে স্বামী-স্ত্রীর এমন অবস্থান ভোটারদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।


এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও এখানে আরও তিনজন প্রার্থী আছেন।


সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৪২৮ এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯১০ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। আসনটিতে দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।


জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ জেলা পার্টির সভাপতির পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেন। কিন্তু সেটি গ্রহণ করেনি কেন্দ্রীয় কমিটি। ফলে তিনি সেই পদেই থেকে যান।