এ তালিকায় আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানও। আছেন নৌকা নিয়ে জয়ী তিনবারের সংসদ সদস্যও।


Full Video Watch...👇👇👇




হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা।


বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের ঘোষণার মধ্যে ‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর জেলায় জেলায় নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা।

এদের মধ্যে মনোনয়ন না পাওয়া বর্তমান সংসদ সদস্য যেমন আছেন, তেমনি আছেন কেন্দ্রীয় নেতারাও।

আগামী ৭ জানুয়ারির ভোটকে সামরে রেখে রোববার ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।


সেদিন বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামগুলো ঘোষণা করার আগেই মনোনয়নপ্রত্যাশী প্রায় সাড়ে তিন হাজার নেতার সঙ্গে মত বিনিময়ে বিশেষ বার্তা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


মত বিনিময় থেকে বেরিয়ে এসে নেতারা জানান, প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন- ২০১৪ সালের নির্বাচনের মতো কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস দেখতে চান না তিনি। সব আসনেই যেন ‘ডামি (বিকল্প)’ প্রার্থী থাকে।


এ বার্তা পাওয়ার আগে প্রতীক না পেলে ভোটে দাঁড়াবেন না ঘোষণা দেওয়া নেতারাও এখন উল্টো চিন্তা করছেন। পরদিনই তার প্রতিফলন দেখা গেছে মাঠের চিত্রে।



এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করে দিয়েছেন অনেকেই। কেউ কেউ তার সিদ্ধান্ত জানিয়ে রেখে নেতাকর্মীদের প্রস্তুত রাখছেন।


আওয়ামী লীগের তিনবারের এমপি এবার নৌকার বিরুদ্ধে


গত তিনটি নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে জয় পাওয়া আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতনকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।


তবে এ সিদ্ধান্তের পরদিনই রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানান তার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) আব্দুর রাজ্জাক পাভেল।


রতন মনোনয়ন না পাওয়ার পরই সাংবাদিকদের বলেছিলেন, “নেত্রী সবার জন্য এবারের নির্বাচন উন্মুক্ত করেছেন। সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হব। ৩০ নভেম্বর ডিসির কাছে মনোনয়ন ফরম জমা দেব। ৭ জানুয়ারি ফলাফল পেয়ে যাবেন।”


ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান মনোনয়ন না পেলেও এ আসনে নৌকার টিকিট পাওয়া জাহাঙ্গীর কবির নানকের পাশাপাশি প্রার্থী হতে চাইছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নামে মনোনয়নপত্র তোলা হয়েছে ঢাকা জেলা নির্বাচন অফিস থেকে।


মন্ত্রীকে চ্যালেঞ্জের প্রস্তুতি সাবেক সাংগঠনিক সম্পাদকের


সিলেট-১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ভোটের মাঠে ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।


আওয়ামী লীগের তিনবারের এই সাংগঠনিক সম্পাদক এই আসনের পাশাপাশি সিলেট-৩ আসন থেকেও মনোনয়নপত্র তুলেছেন।


সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সিলেট থেকে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এ জন্য সিলেটের মানুষজনের সঙ্গে আমার গভীর সর্ম্পক রয়েছে। দ্রুতই সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে; কোন আসনে নির্বাচন করব।” 


সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।


কেন্দ্রীয় নেতা সিরাজের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা আপনারা দেখেছেন। আমি আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা নৌকার প্রার্থীর সঙ্গেই রয়েছি।”



নৌকা না পেয়ে ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আরেক কেন্দ্রীয় নেতা। তিনি হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্কুল জীবন থেকেই আমি ছাত্রলীগের রাজনীতি করছি। রাজাপুর-কাঠালিয়ার মানুষ আমাকে দীর্ঘদিন ধরে এ আসনটির সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার দাবি জানিয়ে আসছে।


“আগে দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করার বিধান ছিল না। কিন্তু রোববার প্রধানমন্ত্রী দলীয় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন। ফলে আমার আসনের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।